Heatwave poses a major threat in India : ভারতের তাপমাত্রা এখন মানুষের সহনশীলতার সীমার বাইরে পৌঁছে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে, যেখানে সামান্যতম অবহেলা মারাত্মক ক্ষতি করতে পারে। কী জানালেন, WHO-এর প্রাক্তন বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথন।

ভারতে তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর বার্তা!
কলকাতা : দেশে ক্রমবর্ধমান তাপপ্রবাহ এখন আর শুধু আবহাওয়ার বিষয় নেই, বরং এটি মানুষের জীবনের জন্য সরাসরি হুমকি ও ভয়ঙ্কর একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলে সতর্কবার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথন একটি ভিডিও বার্তায় স্পষ্টভাবে জানান যে, ভারতের তাপমাত্রা এখন মানুষের সহনশীলতার সীমার বাইরে পৌঁছে গেছে। এর অর্থ হলো, পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে, যেখানে সামান্যতম অবহেলাও মারাত্মক ক্ষতি করতে পারে। তিনি আরও জানান যে, তাপপ্রবাহ এখন আর শুধু গরমে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বড় স্বাস্থ্য জরুরি অবস্থা হয়ে উঠছে, যার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ভারতে তাপপ্রবাহ কেন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ?
তিনি তাঁর ভিডিও বার্তায় বলেন, ”ভারতের একটি বড় অংশ বর্তমানে তাপপ্রবাহের প্রভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গায় অবস্থান করছে। আমরা এখন যে ধরনের তাপমাত্রা দেখছি, তা মানুষের সহ্য ক্ষমতার বাইরে। এই চরম তাপপ্রবাহের জন্য আমাদের সকলকে পদক্ষেপ নিতে হবে। এটি জীবন ও জীবিকা উভয় ক্ষেত্রের জন্য ভয়ঙ্কর রূপ নিচ্ছে। শুধু স্বাস্থ্যকেন্দ্রগুলোকেই প্রস্তুত থাকতে হবে এমন নয়, স্বাস্থ্য ক্ষেত্রের বাইরেও আমাদের একাধিক বিভাগ এবং মন্ত্রালয় মিলিত হয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভারতের জন্য একটি তাপ কমিশন গঠন করার এটাই সঠিক সময়। এমন একটি কমিশন গঠিত হোক, যা জীবন ও জীবিকা রক্ষার জন্য আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে সুপারিশ করবে। আর্দ্র তাপ আসলে স্বাস্থ্যের জন্য একটি বড় ক্ষতিকর জিনিস। কারণ শরীর নিজেকে ঠান্ডা করতে পারে না। আমাদের তাপপ্রবাহের ভৌগোলিক নির্দিষ্ট সংজ্ঞা ব্যাখ্যা করা প্রয়োজন এবং আমাদের তাপপ্রবাহ নিয়ে সতর্কতা ও মানুষের জন্য কিছু নির্দেশিকা জারি করা প্রয়োজন। একবার আপনি হিট স্ট্রোকে আক্রান্ত হলে, পরবর্তীতে মারাত্মক হয়ে উঠতে পারে।”